মার্চে আসতে পারে আইফোন ১৭ইসহ সাশ্রয়ী ম্যাকবুক
[IMG]http://forex-bangla.com/customavatars/1734582182.jpg[/IMG]
বছরের প্রথম বড় লঞ্চ ইভেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আগামী ৪ মার্চের এ অনুষ্ঠানকে অ্যাপল একটি ‘বিশেষ অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করছে। প্রতিবেদন অনুযায়ী, এ ঘোষণার মাধ্যমে ২০২৬ সালের জন্য অ্যাপলের হার্ডওয়্যার পণ্যের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এবারের ইভেন্টে সাধারণ ব্যবহারকারী এবং পেশাদার উভয় শ্রেণীর জন্যই নতুন ডিভাইস উন্মোচন করা হবে। বেশ কয়েকটি বিভাগে পণ্যের হালনাগাদ আসার সম্ভাবনা থাকায় প্রযুক্তি বিশ্ব ও বিশ্বজুড়ে অ্যাপল ভক্তদের মধ্যে ইতিবাচক উদ্দীপনা ও ব্যাপক কৌতূহলও দেখা দিয়েছে।
ইভেন্টটি বৈশ্বিক পরিসরে আয়োজনের পরিকল্পনা করেছে অ্যাপল। আমন্ত্রণপত্র অনুযায়ী, নিউইয়র্ক, লন্ডন ও সাংহাই এ তিন শহরে একযোগে আয়োজনটি অনুষ্ঠিত হবে।
এবারের আসরে মূল আকর্ষণের কেন্দ্রে থাকতে পারে অ্যাপলের ম্যাক ল্যাপটপ। শোনা যাচ্ছে, অ্যাপল তুলনামূলক কম দামের একটি নতুন ম্যাকবুক আনছে। এ ম্যাকবুকে আইফোন ১৬ প্রোতে ব্যবহৃত এ১৮ প্রো চিপ থাকতে পারে।
এছাড়া সামনে এম৫ চিপ চালিত নতুন ম্যাকবুক এয়ার মডেল আসতে পারে। যারা বেশি শক্তিশালী ল্যাপটপ চান, তাদের জন্য এম৫ প্রো ও এম৫ ম্যাক্স প্রসেসরযুক্ত ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রোর নতুন সংস্করণ আনার কথাও শোনা যাচ্ছে। এসব ডিভাইসের সঙ্গে মানানসই নতুন ম্যাক ডিসপ্লে নিয়েও গুঞ্জন আছে, যদিও এখনো বিস্তারিত জানা যায়নি।
মোবাইল ডিভাইসের ক্ষেত্রে সবচেয়ে আলোচনায় রয়েছে আইফোন ১৭ই, যা গত বছরের আইফোন ১৬ই-এর উত্তরসূরি হতে পারে। এতে থাকতে পারে ৬ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লে, ডাইনামিক আইল্যান্ড আর শক্তিশালী এ১৯ চিপ। ফাঁস হওয়া তথ্যে বলা হয়েছে, ফোনটিতে একটি ৪৮ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা, ১৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা, ম্যাগসেফ সাপোর্ট ও নতুন সি১এক্স মডেম থাকতে পারে। ডিভাইসটির সম্ভাব্য দাম ধরা হচ্ছে ৫৯৯ ডলার।
ইভেন্টে নতুন আইপ্যাড নিয়েও বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, আইপ্যাড এয়ার সিরিজে এম৪ চিপ যুক্ত হতে পারে। পাশাপাশি নতুন একটি বেসিক আইপ্যাড মডেলে এ১৮ প্রসেসর ব্যবহার করা হতে পারে। ফলে তুলনামূলক কম দামের আইপ্যাডেও অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা যুক্ত হবে।